গাজীপুরে পোশাক কারখানায় দুই শতাধিক শ্রমিক অসুস্থ
- আপডেট সময় : ০৯:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে প্রায় দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক। অসুস্থদের উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পানি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে প্রশাসন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে প্রতিদিনের মতো সকাল ৯টায় কাজ শুরু হয়। কাজ শুরুর কিছুক্ষণ পর শ্রমিকরা কারখানার পানি পান করলে কয়েকজনের বমি, মাথা ঘোরা ও অস্বাভাবিক শারীরিক সমস্যা দেখা দেয়।
ঘটনাটি প্রথমে চতুর্থ তলায় হলেও ধীরে ধীরে অন্যান্য ফ্লোরের শ্রমিকদের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা দেয়। পরে অসুস্থ দুই শতাধিক শ্রমিককে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চিকিৎসক জানান, সকাল সাড়ে ১০ টার দিকে অসুস্থ অবস্থায় বহু শ্রমিককে হাসপাতালে নেয়া হয়েছে।
তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, তাদের সরবরাহকৃত পানিতে কোনো সমস্যা নেই। একজন শ্রমিক অসুস্থ হওয়ার পর পরিস্থিতি দ্রুত ছড়িয়ে পড়লে কারখানা ছুটি ঘোষণা করা হয়। তাৎক্ষণিক তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি কারখানার পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ঢাকায় পাঠান। রিপোর্টে কোনো অনিয়ম বা দূষণের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
পানি পানের পর হঠাৎ করে বিপুল সংখ্যক শ্রমিকের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন।























