গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু ৪০, নতুন শনাক্ত এক হাজার ১৪০ জন
- আপডেট সময় : ০৭:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৬২৩ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৪০ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো সাত লাখ ৭৭ হাজার ৩৯৭ জন।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে মারা যাওয়া ৪০ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩২ জন, বেসরকারি হাসপাতালে পাঁচজন ও বাসায় তিনজন মারা যান। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৯২৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৪৫৯টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪৬০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৫ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৬ লাখ ৭৭ হাজার ২২২টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার সাড়ে ৭ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ শতাংশ।















