খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
খেলাধুলাকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে সরকার। ক্রীড়াবিদদের জন্য ভাতা ও ক্রীড়া কার্ডের আওতা বাড়ানোর পাশাপাশি তৃণমূল থেকে নতুন প্রতিভা তুলে আনার নানা উদ্যোগের কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশাগত স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে বর্তমানে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড ও ভাতা দেওয়া হচ্ছে। আগামীতে এ সংখ্যা বাড়িয়ে ৫০০ জনে উন্নীত করা হবে।
তিনি জানান, সরকারের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে ফুটবল, ক্রিকেট, দাবা ও অ্যাথলেটিক্সের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা হবে। পাশাপাশি বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সগুলোকে আরও কার্যকর ও স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। খেলার মানোন্নয়নে উপজেলা পর্যায়েও ক্রীড়া কর্মকর্তা নিয়োগের পরিকল্পনার কথা জানান তিনি।
























