খুলনায় ইটভাটায় ঢুকে যুবককে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০১:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
খুলনার রূপসা উপজেলায় ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের ‘মেসার্স রূপসা ব্রিকস’ ইটভাটায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ফখরুল শেখ রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা। স্বজন ও স্থানীয়রা জানান, ‘মেসার্স রূপসা ব্রিকস’ ইটভাটাটি ফখরুলদের নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান। ইটভাটায় প্রায়ই চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝে মাঝে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন।
প্রতিদিনের মতো ঘটনার রাতেও ফখরুল ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত ইটভাটায় প্রবেশ করে তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ফখরুলকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
























