কড়া নিরাপত্তায় জবি ক্যাম্পাস, আইডি কার্ড ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ১২:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি বহিরাগতদের প্রবেশও নিয়ন্ত্রণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পৃথক সভা-সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে সব ধরনের সাংগঠনিক ও অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, প্রধান ফটকসহ বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী, প্রক্টরিয়াল বডি এবং প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। ক্যাম্পাসে প্রবেশের আগে শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে এবং বৈধ আইডি না থাকলে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
প্রশাসনের একটি সূত্র জানায়, সাম্প্রতিক সংঘর্ষের পর নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন ছাত্রসংগঠনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত টহলও জোরদার করা হয়েছে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সকালে প্রধান ফটকে কিছু শিক্ষার্থীকে ভোগান্তিতে পড়তে হয়। পরিচয়পত্র সঙ্গে না থাকায় কয়েকজনকে ফিরে যেতে হয়েছে। তবে অধিকাংশ শিক্ষার্থী প্রশাসনের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। প্রশাসন শিক্ষার্থীদের সবসময় বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা এবং ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।

























