কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
- আপডেট সময় : ০৪:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, কুমিল্লায় এ পর্যন্ত জব্দ হওয়া ইয়াবার মধ্যে এটি সবচেয়ে বড় চালান।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরঝুলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।
আটক দুজন হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ফয়সাল হোসেন (২৫) ও একই এলাকার গাড়িচালক আমান উল্লাহ (৩৫)।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জাগুরঝুলি এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।





















