কুমিল্লায় একরাতে ৬২৪ কিশোর গ্যাং সদস্য আটক
- আপডেট সময় : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৪৫১ জন কিশোরকে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে মাদক সেবন, নিয়মিত মামলা, মোবাইল কোর্টের কার্যক্রম, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন কারণে ১৭৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
১৮ থানায় একযোগে অভিযান
জেলা পুলিশ জানায়, উঠতি বয়সের কিশোর ও তরুণদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ বাড়ছে। ছিনতাই, ইভটিজিং ও সহিংসতাসহ বিভিন্ন অপরাধে কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা পুলিশ কঠোর অবস্থান নিয়েছে।
পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা নগরীর বিভিন্ন আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা এবং জেলার বিভিন্ন থানা এলাকার বখাটেদের উৎপাতস্থলে অভিযান চালানো হয়।
অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
যাচাই হচ্ছে পূর্বের অপরাধের তথ্য
পুলিশ জানিয়েছে, অভিযানে আটক ৬২৪ জনের মধ্যে কারও আগের অপরাধের রেকর্ড রয়েছে কি না এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, এক রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়েছে। কিশোর ও তরুণরা যাতে অপরাধের পথে না জড়ায় এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সে লক্ষ্যেই এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, অপরাধ দমনে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ।




















