কুমিল্লায় আনোয়ার মেম্বার হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৪:২৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৯১ বার পড়া হয়েছে
কুমিল্লার বাঙ্গরা বাজার থানার চাঞ্চল্যকর আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার অন্যতম আসামি মো. পিন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বাঙ্গরা বাজার থানার উত্তর পেন্নাই এলাকায় মৃত আনোয়ার হোসেন মেম্বারের বসতবাড়িতে পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটে। একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে আনোয়ার হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তিনি মারা যান।
১৯ জনের নাম উল্লেখ করে মামলা
এ ঘটনায় নিহত আনোয়ার হোসেন মেম্বারের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
হত্যাকাণ্ডের পর জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে কুমিল্লা জেলা পুলিশ। পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি বিশেষ দল ছায়াতদন্ত শুরু করে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।
তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার
পুলিশের দাবি, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ার হোসেন মেম্বার হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া আসামি মো. পিন্টু মিয়ার অবস্থান শনাক্ত করা হয়।
পরে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পিন্টু মিয়া বাঙ্গরা বাজার থানার উত্তর পেন্নাই এলাকার মৃত ধবীর মুন্সির ছেলে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিন্টু মিয়া হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত
গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে।


























