কুবিতে অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল
- আপডেট সময় : ০৪:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ
মিছিলটি গোলচত্বর থেকে শুরু হয়ে পায়ে হেঁটে আইন ও ইঞ্জিনিয়ারিং অনুষদ প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে দক্ষিণ মোড় পর্যন্ত যান শিক্ষার্থীরা। সেখান থেকে আবার গোলচত্বরে ফিরে এসে মৌন মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে বাংলা বিভাগের শিক্ষার্থী ফারহা খানম বলেন, অপ্রতিম হত্যার শোক পালন এবং হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন। শুরু থেকেই তারা চার দফা দাবি জানিয়ে আসছেন।
তিনি বলেন, প্রশাসন দ্রুত অপ্রতিম হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের চার দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে—এটাই তাদের প্রত্যাশা।
যেভাবে নিখোঁজ ও উদ্ধার হয় অপ্রতিম
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর কোটবাড়ি এলাকার পশ্চিম সানন্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরবর্তীতে ২০ সেপ্টেম্বর বাসার পাশে গন্ধমতিতে জানাজা শেষে অপ্রতিমকে দাফন করা হয়। দাফনের পরই হত্যার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের চার দফা দাবি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে—
১. অপ্রতিম হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন ও ফাঁসি কার্যকর করা।
২. কুমিল্লার পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দায় স্বীকার করে প্রত্যাহার করা।
৩. কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকার জন্য স্থায়ী পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় দৃশ্যমান পদক্ষেপ নেওয়া।
৪. নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন করা।
শিক্ষার্থীরা বলছেন, অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।






















