ইমরান খানের তিন বোনই আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি
- আপডেট সময় : ০১:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোনকেই আটক করা হয়েছে। সর্বশেষ সোমবার (২১ সেপ্টেম্বর) তার দুই বোন চিকিৎসক উজমা খান ও নুরিন নিয়াজিককে ৩০ দিনের জন্য আটক করা হয়। এর এক দিন আগে রোববার ইমরানের আরেক বোন আলিমা খানকেও একই মেয়াদে আটক করার নির্দেশ দেওয়া হয়েছিল।
আগামী ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী লং মার্চের কর্মসূচি রয়েছে। এর আগে ইমরান খানের পরিবারের সদস্যদের আটকের ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
৩০ দিনের জন্য আটক দুই বোন
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সোমবার লাহোরে পাঞ্জাবের মেনটেইন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) আইনের আওতায় উজমা খান ও নুরিন নিয়াজিককে আটক করা হয়।
ডনের হাতে থাকা ২০ সেপ্টেম্বরের একটি আদেশ অনুযায়ী, লাহোরের ডেপুটি কমিশনার মুহাম্মদ আলী ইজাজ তাদের ৩০ দিনের জন্য আটক করার নির্দেশ দেন। আদেশে তাদের জননিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।
কর্তৃপক্ষের অভিযোগ, ৯ মে’র বিক্ষোভে উজমা ও নুরিন জড়িত ছিলেন। তারা কর্মীদের উসকানি দিয়েছেন এবং সরকারি ও জনসাধারণের সম্পত্তির ক্ষতির জন্য ভূমিকা রেখেছেন বলেও আদেশে দাবি করা হয়েছে।
২৭ সেপ্টেম্বরের কর্মসূচির আগে ধরপাকড়
ইমরান খানকে কারাগার থেকে মুক্তি এবং সংবিধানের সর্বোচ্চ মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী লং মার্চের ঘোষণা দিয়েছে পিটিআই।
দলটির কর্মসূচিকে সামনে রেখে পিটিআই নেতা-কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। তবে কর্তৃপক্ষের আদেশে আটকের কারণ হিসেবে জনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
পিটিআইয়ের অভিযোগ
পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেছেন, পাঞ্জাব পুলিশ উজমা ও নুরিনকে তাদের সন্তান এবং আলিমা খানের ছেলেদের সঙ্গে আটক করেছে। তাদের একটি সাঁজোয়া গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
পিটিআই এক বিবৃতিতে এই আটকের নিন্দা জানিয়ে এটিকে মৌলিক অধিকারের লঙ্ঘন এবং রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে বর্ণনা করেছে। দলটির দাবি, এ ধরনের পদক্ষেপ বেআইনি ও অসাংবিধানিক।
ইমরান খানের ছেলে কাসিম খানও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, তার খালা ও কাজিনদের বাড়িতে জোর করে ঢুকে আটক করা হয়েছে। তিনি তাদের কোথায় নেওয়া হয়েছে এবং কেন আটক করা হয়েছে, তা জানানো হয়নি বলে দাবি করেন।
এর আগে আটক হন আলিমা খান
উজমা ও নুরিনের আটকের এক দিন আগে, রোববার ইমরান খানের আরেক বোন আলিমা খানকে ৩০ দিনের জন্য আটকের নির্দেশ দেওয়া হয়।
ডিসি মুহাম্মদ আলী ইজাজ পাঞ্জাবের এমপিও আইনের আওতায় আলিমা খান ও মুহাম্মদ আমির নামে এক ব্যক্তিকে আটকের নির্দেশ দেন।
আলিমাকে আটকের পর তার বোন নুরিন লাহোরে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি দাবি করেন, শনিবার বাসা থেকে বের হওয়ার পর আলিমাকে তার গাড়িচালকসহ নিয়ে যাওয়া হয়। পরে তারা জানতে পারেন, আলিমার গাড়িটি একটি থানায় রাখা হয়েছে। তবে পুলিশ সূত্র ডনকে জানায়, আলিমাকে লাহোরের কোট লাখপত কারাগারে নেওয়া হয়েছে।
এদিকে ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে ঘিরে ইমরান খানের তিন বোনকে আটকের ঘটনা পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।






















