উন্নয়নের ছোঁয়া লাগেনি ময়মনসিংহের একমাত্র বাস টার্মিনালে
- আপডেট সময় : ০৯:০১:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ময়মনসিংহের একমাত্র বাস টার্মিনালে। সংস্কার আর রক্ষণাবেক্ষণের অভাবে শুধু নাম মাত্র দাঁড়িয়ে আছে । বৃষ্টির দিনে কাঁদাপানি আর শুষ্ক মৌসুমে ধূলাবালিতে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। টার্মিনালে নেই ভালো ওয়াশরুম ও ওয়েটিং রুম। যাত্রীসেবার চেয়ে পরিবহন নেতৃবৃন্দের ব্যবসায়ী মনোভাবকে দায়ী করছেন নাগরিক সমাজ। সিটি কর্পোরেশন বলছে, বাস টার্মিনালটি আধুনিকায়নে নেয়া হচ্ছে পরিকল্পনা।
ময়মনসিংহ বিভাগের অন্যতম বাস টার্মিনাল মাসকান্দা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক পথে এ জেলায় আসা যাত্রীদের একমাত্র ঠিকানা। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই টার্মিনালটি সংস্কারের অভাবে হয়ে পড়েছে জরাজীর্ণ।
বর্ষা মৌসুমে কাঁদাপানি আর শুষ্ক মৌসুমে ধূলাবালি যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে দেয় কয়েকগুন। পর্যাপ্ত বসার জায়গা না থাকায় বাসের যাত্রীদের অপেক্ষা করতে হয় চায়ের দোকানে।
যাত্রীসেবার কথা না ভেবে পরিবহন কর্তৃপক্ষ নিজেদের ব্যবসার দিকে বেশি নজর দেয়ায় বাস টার্মিনালটি উন্নয়ন বঞ্চিত বলে জানান এই নাগরিক নেতা।
এদিকে, সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, বাস টার্মিনালের ভিতরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আধুনিকায়নে নেয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনা।
যাত্রী সেবার মান উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর।
























