উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতি: ৫ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:৪৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরায় ডিএল ফিলিং স্টেশনের বিক্রয়লব্ধ টাকা ব্যাংকে নেওয়ার পথে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ও উত্তরা ক্রাইম বিভাগের যৌথ দল।
গ্রেপ্তাররা হলেন ইলিয়াস শিকদার (৩৬), জাফর (৩৬), রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪), মিন্টু রাড়ী (২৩) ও সাগর বাড়ৈ (৪০)।
পুলিশ জানায়, গত ৯ আগস্ট ১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে নেওয়ার পথে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার কাছে মোটরসাইকেলে আসা ডাকাতরা অস্ত্র ও চাপাতির ভয় দেখিয়ে টাকা লুট করে পালিয়ে যায়।
অভিযানে চারটি ৭.৬৫ মি.মি. পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, ১২ লাখ টাকা, র্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি, হাতকড়া, নম্বর প্লেট ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলছে।






















