উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে
- আপডেট সময় : ০১:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৬১০ বার পড়া হয়েছে
উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদী তীরের অনেক এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার ৩১ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির সাথে সাথে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমারসহ বিভিন্ন নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে।
ফরিদপুরে গত ৩ দিনে বন্যার পানি ১০ সেন্টিমিটার কমেছে। তবে পদ্মার পানি বিপদ সীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার প্রায় ৮০টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে এলাকার রাস্তা-ঘাটসহ ফসলি জমি।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে আরো ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টেও। ফলে৭ উপজেলার প্রায় ৩০টি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।














