ইতিহাস গড়ে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান
- আপডেট সময় : ০১:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মায়ের দিক থেকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান যেন ছুটছেন দুর্বার গতিতে। চলতি মাসেই ১৭ বছরে পা দেবেন এই তরুণ মিডফিল্ডার। এর আগেই মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক ইতিহাস গড়ে আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি সান ডিয়েগো এফসির বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে ফিলাডেলফিয়ার হয়ে জোড়া গোল করেছেন সুলিভান। সঙ্গে করেছেন একটি অ্যাসিস্টও। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
এমএলএসে নতুন রেকর্ড
এই স্বীকৃতি পাওয়ার সময় সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৫১ দিন। এর ফলে এমএলএসের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ম্যাচডের সেরা খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
এমএলএসে এই প্রথম এক ম্যাচে দুই গোল করলেন সুলিভান। শুধু তাই নয়, টানা সাত ম্যাচে অন্তত একটি করে গোলে অবদান রেখেছেন তিনি। কোনো কিশোর খেলোয়াড়ের ক্ষেত্রে এমএলএস ইতিহাসে এটিই দীর্ঘতম গোল-অবদানের ধারা।
ফিলাডেলফিয়ার সাফল্যে বড় অবদান
সুলিভানের দুর্দান্ত ফর্মে ফিফা বিশ্বকাপের বিরতির পর টানা ১০ ম্যাচ অপরাজিত রয়েছে ফিলাডেলফিয়া। এর মধ্যে দলটি আটটি ম্যাচে জয় পেয়েছে এবং দুটি ম্যাচে ড্র করেছে।
এই সময়ে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে সপ্তম অবস্থানে জায়গা করে নিয়েছে ফিলাডেলফিয়া। ফলে অডি এমএলএস কাপ প্লে-অফের দৌড়েও রয়েছে দলটি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত সুলিভানের গোল-অবদান ১৭টি। এর মধ্যে তিনি করেছেন ৬ গোল এবং ১১টি অ্যাসিস্ট। এমএলএসের ইতিহাসে কোনো কিশোর খেলোয়াড়ের এক মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এটি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ অবদান।
জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষা
সান ডিয়েগোর বিপক্ষে ম্যাচে সুলিভান প্রথমার্ধের ইনজুরি সময়ে দারুণ ব্যাকহিল ফ্লিকে ফিলাডেলফিয়ার হয়ে প্রথম গোল করেন। এরপর ৬২তম মিনিটে বক্সের ভেতর থেকে গোলকিপারের দুই পায়ের ফাঁক দিয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি।
মাত্র পাঁচ মিনিট পর ডিফেন্সচেরা চিপ পাস দিয়ে সতীর্থ ফ্রাঙ্কি ওয়েস্টফিল্ডকে গোলের সুযোগ তৈরি করে দেন সুলিভান। পরে আনিবাল গোদোয়ের আত্মঘাতী গোল ও মালিক জাকুপোভিচের গোলে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ফিলাডেলফিয়া।
এমন দুর্দান্ত ফর্মের পর এখন যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন সুলিভান। বিশ্বকাপের পর আগামী ২৬ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, ১৭ সেপ্টেম্বর সেই ম্যাচের দল ঘোষণা করবেন কোচ মাউরিসিও পচেত্তিনো।




















