ই-ক্লাব ও সিইপিআইআরডির আয়োজনে রাউন্ডটেবিল আলোচনা
- আপডেট সময় : ১২:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
আগামী উদ্যোক্তাদের জন্য স্মার্ট লিডারশিপ ও জোনাল কনসেপ্টের কার্যকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যায়। রাজধানীর কালাবাগানের ৫০, লেক সার্কাসে আয়োজিত এই সেশনের সহযোগী ছিল সেন্টার ফর এন্টারপ্রেনিউরিয়াল পলিসি, ইনোভেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিইপিআইআরডি)।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ই-ক্লাবের প্রতিষ্ঠাতা, জনাব মো. শাহরিয়ার খান। সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি, জনাব আব্দুল্লাহ সাফি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সভাপতি, জনাব কামরুল হাসান এবং ফাউন্ডার মেম্বার ও ফাউন্ডার্স ওয়েলফেয়ার কমিটির চেয়ার, জনাব শেখ আবুল হাশেম।
আলোচনায় আরও অংশ নেন এক্সিকিউটিভ কমিটির ফাইনান্স সেক্রেটারী জনাব আরিফুর রহমান ভূঁইয়া, মেম্বার ওয়েলফেয়ার ডিরেক্টর জনাব দেওয়ান ইফাত আহমেদ শশী, এক্সিকিউটিভ কমিটির সদস্য জনাব শেখ রাশেদুল বারী, এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ স্ট্যান্ডিং কমিটির চেয়ার জনাব মো. শাখাওয়াত হোসেন এবং প্রতিষ্ঠাতা সদস্য ও ই-ক্লাব উইমেনস ফোরামের ডিরেক্টর জনাবা ইয়াসমিন আক্তার আরবী, সহ আরও প্রায় ২০ জন সদস্য।
আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জোনাল কনসেপ্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নেটওয়ার্ক শক্তিশালী করে টেকসই উদ্যোক্তা ইকোসিস্টেম তৈরি করা। অংশগ্রহণকারীরা মত দেন, লিডারশিপ মানে শুধু নিজের অগ্রগতি নয়, বরং অন্যদের জন্য পথ তৈরি করাও জরুরি।
আলোচনার ভিত্তিতে আগামী দিনে এলাকা ভিত্তিক ই-ক্লাব কার্যক্রম চালু করার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে ই-ক্লাব চালু করতে যাচ্ছে জোনাল লিডারশিপ প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় বিভিন্ন জোন থেকে নির্বাচিত প্রতিনিধি যারা নিজেরা উদ্যোক্তা, তাদের বিশেষ লিডারশিপ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে এই জোনাল নেতারা নিজ নিজ এলাকার আরও উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে পারবেন, তাদের সঙ্গে ব্যবসায়িক বিষয়ে কাজ করতে পারবেন এবং প্রয়োজনীয় সহায়তা দিতে পারবেন। মূলত জোনাল পর্যায়ে নেতৃত্বের দায়িত্ব বণ্টন করে ই-ক্লাব সদস্যরা নিজেরা নেতৃত্ব প্রয়োগের মাধ্যমে সংগঠনটিকে আরও সম্প্রসারিত করবেন বলে জানান আয়োজকরা।
উপস্থিত একাধিক সদস্য বলেন, ‘আলোচনার প্রতিটি পয়েন্ট আমাদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে। জোনাল কনসেপ্ট একটি শক্তিশালী কানেকশন সিস্টেম, যা লোকাল থেকে ন্যাশনাল ইমপ্যাক্ট তৈরি করতে পারে।’ আরও একজন বলেন, ‘আজকের আয়োজন ছিল নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার কৌশল নিয়ে। এটি একটি অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয় অভিজ্ঞতা।’
আলোচনা শেষে নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। ই-ক্লাব কর্তৃপক্ষ জানায়, এই ধরনের আলোচনা ভবিষ্যতে নিয়মিত আয়োজন করা হবে, যাতে দেশের উদ্যোক্তারা একটি কাঠামোবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি পেতে পারেন।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে প্রায় ৭০০ নিবন্ধিত উদ্যোক্তার সংগঠন ই-ক্লাব ‘ভিন্নতা’, ‘প্রসার’, ‘ইনভেস্টমেন্ট নেস্ট’ ও ‘বন্ধন’ প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়নে কাজ করে যাচ্ছে।























