আশুলিয়ায় হামলায় আহত শ্রমিক সেলিমের মৃত্যু
- আপডেট সময় : ০১:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ঢাকার আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে হামলায় আহত শ্রমিক সেলিম (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ নভেম্বর হাসপাতালে ভর্তি
মো. হাবিবুর রহমান জানান, গত ৪ নভেম্বর বিকেলে আহত অবস্থায় সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।
যেভাবে হামলার শিকার হন সেলিম
নিহত সেলিমের বাবা আব্দুর রহিম জানান, গত ৪ নভেম্বর দুপুরে হামলার শিকার হন তাঁর ছেলে। প্রথমে তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জুতার কারখানায় কাজ করতেন সেলিম
আব্দুর রহিম জানান, তাঁদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার উত্তর কানাইপুর গ্রামে। বর্তমানে তাঁরা সাভারের সবুজবাগ এলাকায় বসবাস করেন।
এক ভাই ও এক বোনের মধ্যে সেলিম ছিলেন ছোট। তিনি সাভারের ট্রেন্ট সুজ নামে একটি জুতার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।




















