আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে নিহত বেড়ে ৭
- আপডেট সময় : ১২:১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ওই পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়।
পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা
স্থানীয় সূত্র জানায়, হঠাৎ কারখানার ভেতরে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশের এলাকা কেঁপে ওঠে। এরপর মুহূর্তের মধ্যে কারখানাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানা থেকে উদ্ধার ৫ মরদেহ
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি কাবার ভেতর থেকে পাঁচজনের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বিস্ফোরণের তীব্রতায় একটি সিলিন্ডার ছিটকে পাশের কাপড়ের দোকানে গিয়ে পড়ে। এতে জয়নাব বেগম নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান।
এ ছাড়া আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুলাল নামে আরও একজনের মৃত্যু হয়। ফলে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।
চলছে উদ্ধার ও তল্লাশি অভিযান
ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কারখানার ভেতরে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, একটি কাভার্ড ভ্যানের ভেতরে থাকা সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।




















