আলাস্কায় উড়োজাহাজ বিধ্বস্তে ৮ আরোহীর সবাই নিহত
- আপডেট সময় : ০১:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের পশ্চিমাঞ্চলে চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে দুর্গম একটি রাডার স্থাপনার কাছে এ দুর্ঘটনা ঘটে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সেসনা ৪৪১ মডেলের উড়োজাহাজটি অ্যাংকরেজ শহর থেকে কেপ নিউএনহামের উদ্দেশে যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পর এটি বিধ্বস্ত হয়।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, উড়োজাহাজটিতে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন। আলাস্কান কমান্ডের তথ্য অনুযায়ী, এটি একটি বেসামরিক ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালিত ফ্লাইট ছিল এবং আরোহীরা সবাই কর্মী ছিলেন।
উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করেছে, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। তবে উড়োজাহাজটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।
এফএএ ও এনটিএসবি যৌথভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করবে।





















