আমলে নিচ্ছে না সরকার
আল-কায়েদার সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০২:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বাংলাদেশে আল-কায়েদার সম্প্রসারণ ও সংগঠনটির সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যকে ‘অনুমাননির্ভর’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সরকার জাতিসংঘের ওই প্রতিবেদনকে আমলে নিচ্ছে না।
সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম’ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখা (একিউআইএস) বাংলাদেশে ছোট ছোট সেল প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, একিউআইএস বড় ইউনিটের পরিবর্তে ছোট ও বিচ্ছিন্ন সেলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা, রসদ সরবরাহ ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে। বাংলাদেশকেও সংগঠনটি নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে বলে প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের এই মূল্যায়নের সঙ্গে একমত নন। তাঁর দাবি, প্রতিবেদনের তথ্য অনুমানের ওপর ভিত্তি করে তৈরি এবং বাংলাদেশে আল-কায়েদার এমন তৎপরতা নিয়ে সরকারের কাছে গ্রহণযোগ্য তথ্য নেই।
গত ১০ আগস্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল তাদের সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করে। এতে আল-কায়েদা ও আইএসআইএলের বিভিন্ন কার্যক্রম এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে।























