আর্জেন্টাইন গোলকিপার রুলিকে দলে ভিড়িয়ে ম্যান সিটির চমক
- আপডেট সময় : ০৫:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
প্রায় এক দশক পর আবারও ম্যানচেস্টার সিটির জার্সিতে ফেরার সুযোগ পেলেন আর্জেন্টাইন গোলকিপার জেরোনিমো রুলি। ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই থেকে ৩৪ বছর বয়সী এই গোলরক্ষককে দুই বছরের চুক্তিতে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত ইতিহাদে থাকবেন তিনি।
রুলির সিটির সঙ্গে সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৬ সালে রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলার সময় তাকে দলে নিয়েছিল ইংলিশ ক্লাবটি। তবে সে সময় তাকে সোসিয়েদাদেই ধারে রেখে দেওয়া হয়। ফলে ম্যানচেস্টার সিটির হয়ে কোনো সিনিয়র ম্যাচ খেলা হয়নি তার। প্রায় ১০ বছর পর এবার সরাসরি সিটির মূল স্কোয়াডে ফিরলেন তিনি।
সিটির গোলবারে বর্তমানে প্রথম পছন্দ হিসেবে রয়েছেন ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। সদ্য জেমস ট্রাফোর্ড লিডস ইউনাইটেডে চলে যাওয়ার পর অভিজ্ঞ ব্যাকআপ গোলকিপারের প্রয়োজন ছিল সিটির। সেই জায়গাতেই রুলিকে বেছে নিয়েছে ক্লাবটি। এবার ম্যানচেস্টার সিটিতে তার মূল দায়িত্ব হবে দোন্নারুম্মার পেছনে অভিজ্ঞতা ও নির্ভরতা যোগানো। একই সঙ্গে এক দশক পর সিটির হয়ে মাঠে নামার অপূর্ণ গল্পটিও পূরণ করার সুযোগ এসেছে ৩৪ বছর বয়সী এই আর্জেন্টাইনের সামনে।
রুলির ক্যারিয়ারের বড় সময় কেটেছে রিয়াল সোসিয়েদাদে। এরপর মন্তপেলিয়ে, ভিয়ারিয়াল ও আয়াক্সের হয়ে খেলেছেন তিনি। ভিয়ারিয়ালের হয়ে ২০২০-২১ মৌসুমে ইউরোপা লিগ জেতেন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সেই ফাইনাল টাইব্রেকারে গড়ালে রুলির দুর্দান্ত পারফরম্যান্স ভিয়ারিয়ালের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে আয়াক্সের হয়ে ডাচ লিগ জিতে ২০২৪ সালে যোগ দেন মার্শেইয়ে। ফরাসি ক্লাবটির হয়ে দুই মৌসুমে নিয়মিত গোলরক্ষক হিসেবে খেলেছেন তিনি। সর্বশেষ ২০২৫-২৬ মৌসুমে লিগ ওয়ানে ২৯ ম্যাচে মাঠে নেমে আটটি ক্লিনশিট রেখেছেন রুলি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার ম্যাচসংখ্যা ছিল ৩৯।
আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গেও রয়েছে তার বড় অর্জন। রুলি ছিলেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য। যদিও সেই আসরে মাঠে নামার সুযোগ পাননি। ২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনা স্কোয়াডেও ছিলেন তিনি, যেখানে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা রানার্সআপ হয়ে আসর শেষ করে।


























