আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: ডা. শফিকুর রহমান
- আপডেট সময় : ১১:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
বিমানবন্দরের অনিয়মের প্রতিবাদ করেছিলেন আখতারুজ্জামান
ডা. শফিকুর রহমানের দাবি, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার ভাষ্য, আখতারুজ্জামান মূলত যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের উপেক্ষা এবং অন্যায় আচরণের প্রতিবাদ করেছিলেন।
তিনি বলেন, আখতারুজ্জামানের ভাষা কী ছিল, সেটি দেখা প্রয়োজন। তবে তিনি যে বিষয়গুলোর প্রতিবাদ করেছেন, সেসবের ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা।
গ্রেপ্তার নিয়ে প্রশ্ন শফিকুর রহমানের
ডা. শফিকুর রহমান আরও বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে যদি আখতারুজ্জামানকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে এটি অশনি সংকেত।
তার মতে, এ ধরনের ঘটনায় ভুক্তভোগী জনগণ কোনোভাবেই বিষয়টি মেনে নেবেন না।
এর আগে বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাকে মারধরের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।




















