আইভান টনির বিরুদ্ধে নাইটক্লাবে হামলার অভিযোগ
- আপডেট সময় : ১২:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ইংল্যান্ডের ফুটবলার আইভান টনি আইনি ঝামেলায় পড়েছেন। লন্ডনের একটি নাইটক্লাবে ঘটে যাওয়া পুরোনো এক ঘটনার জেরে তার বিরুদ্ধে শারীরিক ক্ষতি করার মতো হামলার অভিযোগ আনা হয়েছে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গত ৩১ জুলাই সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলির এই ফরোয়ার্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ঘটনা ঘটে গত বছরের ৬ ডিসেম্বর, মধ্য লন্ডনের সোহো এলাকার ওয়ারডোর স্ট্রিটের একটি নাইটক্লাবে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, নর্থ্যাম্পটনের ৩০ বছর বয়সী আইভান টনির বিরুদ্ধে শারীরিক ক্ষতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার। ঘটনার বিষয়ে টনির পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে মাঠে গত মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন টনি। সৌদি ক্লাব আল-আহলির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল করে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিলেন তিনি। অসাধারণ পারফরম্যান্সের কারণে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের দলে জায়গা পান এই স্ট্রাইকার।
তবে বিশ্বকাপে টনিকে দলে রেখেও শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। এখন মাঠের সাফল্যের পাশাপাশি আইনি বিষয়েও নজর দিতে হচ্ছে ইংলিশ এই তারকাকে।





















