আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের জয়
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
- আপডেট সময় : ০৩:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে সরব আন্তর্জাতিক গণমাধ্যম। ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর ঘটনাকে কেউ দেখছে ‘চরম বিপর্যয়’ হিসেবে, আবার কেউ বলছে টেস্ট ক্রিকেটের অন্যতম বড় অঘটন।
তানজিদ হাসানের শতক, হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং ও মেহেদী হাসান মিরাজের কার্যকর স্পেলে বাংলাদেশ পেয়েছে স্মরণীয় এই জয়। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।
অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান বাংলাদেশের কাছে হারকে ‘চরম বিশৃঙ্খল অবস্থা’ হিসেবে তুলে ধরেছে। তাদের প্রতিবেদনে ম্যাচটিকে টেস্ট ক্রিকেটের অন্যতম বড় অঘটন এবং অস্ট্রেলিয়ার সবচেয়ে লজ্জাজনক পরাজয়গুলোর একটি বলা হয়েছে।
হেরাল্ড সান শিরোনাম করেছে ‘ডারউইনে বিপর্যয়’। বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সও গুরুত্ব পেয়েছে তাদের বিশ্লেষণে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে, বাংলাদেশ ইতিহাস গড়েছে, আর অস্ট্রেলিয়া পেয়েছে লজ্জাজনক পরাজয়। ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির পরও অস্ট্রেলিয়া ম্যাচের নিয়ন্ত্রণে ফিরতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিবিসি স্পোর্ট বাংলাদেশের জয়কে টেস্ট ক্রিকেটের অন্যতম বড় অঘটন হিসেবে বর্ণনা করেছে। কয়েক দিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশের ৫৪ রানে অলআউট হওয়া এবং সাম্প্রতিক জিম্বাবুয়ে সিরিজের ফল বিবেচনায় এই জয়কে আরও বিস্ময়কর বলে উল্লেখ করেছে তারা।
ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে অলআউট করে বাংলাদেশ। জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়েই পেরিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের এই জয়ে প্রশংসা করেছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরাও। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে দিনটিকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ‘সবচেয়ে বড় দিন’ বলে অভিহিত করেছেন। শশী থারুরও এটিকে বাংলাদেশের টেস্ট ইতিহাসের ‘greatest victory’ বলে প্রশংসা করেছেন।
পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম বিশেষভাবে প্রশংসা করেছেন হাসান মাহমুদের বোলিংয়ের। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও ম্যাচ শেষে স্বীকার করেছেন, বাংলাদেশের জয় প্রাপ্য ছিল।
সাবেক অস্ট্রেলীয় পেসার ড্যামিয়েন ফ্লেমিংয়ের মতে, বাংলাদেশের এই জয়ে টেস্ট ক্রিকেটের তিন গুরুত্বপূর্ণ উপাদান—ধৈর্য, শৃঙ্খলা ও দক্ষতা—স্পষ্টভাবে ফুটে উঠেছে।
এদিকে ব্যঙ্গাত্মক পোস্টের জন্য পরিচিত আইসল্যান্ড ক্রিকেটও বাংলাদেশের জয় নিয়ে মজার পোস্ট করেছে। ইংল্যান্ডকে খোঁচা দিয়ে তারা বলেছে, গত ১৫ বছরে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে যতটি টেস্ট জিতেছে, বাংলাদেশও এখন অস্ট্রেলিয়ায় ততটি টেস্ট জয়ের মালিক।
























