অবশেষে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন আলেকজান্ডার জাভেরেভ
- আপডেট সময় : ০৪:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জাভেরেভ। ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের ফাইনালে ইতালির ফ্লাভিও কোবোলিকে ৩-২ সেটের মহানাটকীয় লড়াইয়ে হারিয়েছেন তিনি। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রেখেই শেষ হাসি হাসেন জাভেরেভ।
ক্লে-কোর্টের ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন আলেকজান্ডার জাভেরেভ। প্রথম সেটে ৬-১ ব্যবধানে সহজেই জয় তুলে নেন তিনি। তবে দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান ২৪ বছর বয়সি ইতালিয়ান তরুণ ফ্লাভিও কোবোলি। তৃতীয় সেটে জাভেরেভ আবারও এগিয়ে গেলেও, চতুর্থ সেট টাইব্রেকারে জিতে ম্যাচে সমতা ফেরান কোবোলি।
কিন্তু পঞ্চম ও শেষ সেটে ইতালিয়ান প্রতিপক্ষকে আর কোনো সুযোগই দেননি জার্মান তারকা। এর আগে তিন তিনবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে রানারআপ হওয়া জাভেরেভ এবার আর ভুল করেননি। ট্রফি উঁচিয়ে ধরার পাশাপাশি গড়েছেন এক অনন্য ইতিহাস।
১৯৯৬ সালের পর প্রথম জার্মান পুরুষ খেলোয়াড় হিসেবে কোনো মেজর ট্রফি জেতার কীর্তি গড়লেন আলেকজান্ডার জাভেরেভ।
























