ঝালকাঠির একটি চরকে পাখির অভয়ারণ্য ঘোষণা
- আপডেট সময় : ০৬:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
এসো পাখির বন্ধু হই’ শ্লোগানে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার একটি চরকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখির বসবাস উপযোগী পরিবেশ সৃষ্টির পাশাপাশি চরটিকে একটি মিনি পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
প্রায় ৩০ বছর আগে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিন শৌলজালিয়ায় বিশখালী নদীতে ১০৩ একরের এই চরটি জেগে ওঠে। এ চরে রয়েছে বিভিন্ন জাতের গাছ ও হরেক প্রজাতির পাখি। এখানে গাংচিল, দোয়েল, কোকিল, বক, টিয়া, ঘুঘু, বুলবুলি, মাছরাঙাসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। সম্প্রতি চরটিকে পাখির অভয়ারণ্য ঘোষণা করে মাটি কাটা, বালু উত্তোলন, গাছকাটা এবং গবাদিপশু চরানো নিষিদ্ধ করা হয়েছে। কাঠালিয়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ এটি দেখভাল করছে।
নয়নাভিরাম চরটিকে ‘শেখ রাসেল ইকোপার্ক’ হিসেবে ঘোষণার দাবি করছে স্থানীয় ইউনিয়ন পরিষদ।
এলাকাটিকে মিনি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে, সারাদেশ থেকে পর্যটক আসবে বলে আশা করছে, সংশ্লিষ্টরা।


























