মাদারীপুর শিবচরে পদ্মা নদীবেষ্টিত বিস্তীর্ণ জনপদ বন্যায় প্লাবিত
- আপডেট সময় : ০২:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীবেষ্টিত বিস্তীর্ণ জনপদ বন্যার পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবল ভাঙন শুরু হয়েছে দুর্গত এলাকায় । এরই মাঝে নদী ভাঙ্গনের ফলে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার।
প্রতিবছরই উজান থেকে নেমে আসা ঢলে বর্ষার পানি পদ্মার দু’কুল বেয়ে উপচে পড়ে । পানি বাড়ার সঙ্গে সঙ্গে শিবচর উপজেলার ৩টি ইউনিয়নে দেখা দেয় তীব্র ভাঙ্গন । এবার বন্যায় ৬শ ঘরবাড়ি, ব্রীজ, কালভার্ট, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনের মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্দরখোলার ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক ভবন, সুরারহাটের ৮০টি দোকান, চরজানাজাতের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রসহ ৩ ইউনিয়নের গুরুত্বপূর্ন স্থাপনা বসত বাড়ি এবং ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন রোধে বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। কিন্তু দফায় দফায় পানি বৃদ্ধির কারণে কোনভাবেই ভাঙন রোধ করা যাচ্ছে না।
জিও ব্যাগ ডাম্পিংয়ে নদী ভাঙ্গনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
দীর্ঘ মেয়াদী প্রকল্পের মাধ্যমে স্থায়ীভাবে ভাঙন রোধের দাবী জানিয়েছে ভুক্তভোগীরা।

























