সিলেটে শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা
- আপডেট সময় : ০৬:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং বিচারের দাবিতে সকালে সিলেটের প্রবেশপথ চন্ডিপুল, হুমায়ুন রশীদ চত্বর ও বাবনা পয়েন্টে অবস্থান নেয় পরিবহন শ্রমিকরা।
শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী বাবনা পয়েন্ট এলাকায় সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তিনি দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার আবিল হোসেনের ছেলে। পরে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকাল থেকে সিলেট শহরে কোন গাড়ি প্রবেশ কিংবা শহর থেকে কোন গাড়ি বের হতে না পারায় দুর্ভোগে পড়েন বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা। আইনশৃঙ্খলাবাহিনীর সাথে কেন্দ্রীয় শ্রমিক নেতাদের বৈঠকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাসে ১৬ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।













