ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, আতঙ্ক
- আপডেট সময় : ১২:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক ঘটনায় একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে দুটি যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বাসের যাত্রীরা নিরাপদে নেমে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কাচপুরে তিশা পরিবহনের বাসে আগুন
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজসংলগ্ন এলাকায় বাসে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকাগামী লেনে তিশা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা বাস থেকে নেমে যান। ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।
কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসে আগুন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কোনো যাত্রী হতাহত হননি। পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে।
ভোরে খড়বোঝাই ট্রাকে আগুন
অন্যদিকে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম বাইপাস মহাসড়কের সোনারগাঁয়ের জামপুরের মিরেরটেক বাজার এলাকায় খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড় নিয়ে ট্রাকটি রাত সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজারের জামে মসজিদের সামনে পৌঁছায়। খড় নামানোর অপেক্ষায় চালক ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করান। এরপর চালক ও হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন।
এ সময় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে এক পথচারী নারী চালককে বিষয়টি জানান।
চালক দ্রুত ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান। এরপর রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিসংযোগকারীদের শনাক্তে পুলিশের অভিযান
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




















