গান্ধী পরিবারকে নিয়ে বিস্ফোরক পোস্ট, কঙ্গনার বিরুদ্ধে পুলিশের মামলা
- আপডেট সময় : ১২:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরে ভারতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী ও গান্ধী পরিবারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এবার তার বিরুদ্ধে পুলিশে মামলা হয়েছে। অভিযোগ উঠেছে, পোস্টে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যুর ঘটনা নিয়ে উসকানিমূলক ইঙ্গিত দিয়েছেন কঙ্গনা।
ভারতের হিমাচল প্রদেশের শিমলায় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়েছে। অভিযোগকারী অতুল শর্মার দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনা তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্টগুলো প্রকাশ করেন। এসব পোস্টে গান্ধী পরিবারের সদস্যদের মৃত্যুর পরিস্থিতি নিয়ে সন্দেহ ও বিতর্ক তৈরির চেষ্টা করা হয়েছে।
সোনিয়া গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬, ৩৫৩ ও ৩৫৬ ধারায় মামলা হয়েছে। এসব ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো, জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন বক্তব্য এবং মানহানির অভিযোগের বিষয় রয়েছে।
অভিযোগ অনুযায়ী, একটি পোস্টে সোনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ বলে উল্লেখ করেন কঙ্গনা। একই পোস্টে ইঙ্গিত করা হয়, তার পরিবারের সদস্যরা একের পর এক নিহত হয়েছেন। এর ফলে শেষ পর্যন্ত সরকারপ্রধান হওয়ার পথ তৈরি হয়েছে তার জন্য। পোস্টের শেষে কঙ্গনা লেখেন, ‘কতই না সুবিধাজনক!’
মানেকা গান্ধীকে নিয়েও মন্তব্য
অভিযোগে আরও বলা হয়েছে, সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর তার স্ত্রী মানেকা গান্ধীকে পরিবারের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলে দাবি করেন কঙ্গনা।
অভিযোগকারী অতুল শর্মার দাবি, এসব পোস্টকে সাধারণ রাজনৈতিক সমালোচনা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এ ধরনের বক্তব্য জনমনে উত্তেজনা তৈরি করতে পারে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তদন্ত শুরু করেছে পুলিশ
অতুল শর্মা ভারতের হিমাচল প্রদেশের পুলিশের মহাপরিচালকের কাছে ইমেইল পাঠিয়ে কঙ্গনার বিরুদ্ধে মামলা করার আবেদন জানান। একই সঙ্গে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সাইবার ফরেনসিক তদন্তের দাবিও জানান তিনি।
শিমলার পুলিশ সুপার গৌরব সিং মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।


























