দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন আমিরের
- আপডেট সময় : ০১:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিষয়ে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগের ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। কিন্তু তাঁদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনাটি আরও বেশি উদ্বেগজনক। এ ধরনের ঘটনা দেখার মতো দেশে কি কেউ নেই, সেই প্রশ্নও তোলেন তিনি।
সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন
জামায়াত আমির তাঁর পোস্টে প্রশ্ন রেখে বলেন, ‘সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে?’
তিনি মনে করেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনায় বসা উচিত ছিল। সেখানে বলপ্রয়োগের ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
তদন্ত ও শাস্তির দাবি
এ ঘটনায় অবিলম্বে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত পূরণেরও দাবি জানান জামায়াত আমির।
তিনি বলেন, ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।





















