নান্দাইলে কৃষক হত্যা মামলায় ৩ সহোদরের মৃত্যুদণ্ডাদেশ
- আপডেট সময় : ০৪:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন—মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জমি নিয়ে বিরোধের জেরে হত্যা
মামলার বিবরণে জানা যায়, নান্দাইলের চর ভেলামারী এলাকার হযরত আলীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবির সঙ্গে আসামিদের জমি নিয়ে পূর্ববিরোধ চলছিল। এর জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকায় একটি কাপড়ের দোকানে বসে থাকা অবস্থায় শফিকুলের ওপর হামলা করা হয়।
অভিযোগ অনুযায়ী, আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে শফিকুল ইসলাম সবিকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নান্দাইল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
১৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ
মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। পাশাপাশি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় অধিকাংশ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসাদুল পলাতক রয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন আনোয়ার আজিজ টুটুল। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এ কে এম আমানউল্লাহ বাদল।






















