২০২৭ সালের শিক্ষাক্রমে যুক্ত হবে আনন্দময় ও কারিগরি শিক্ষার বই
- আপডেট সময় : ০২:৪৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
২০২৭ সালের নতুন শিক্ষাক্রমে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি—এই চারটি বিষয়ে নতুন বই যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের শিক্ষাক্রমে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি, কারিগরি শিক্ষার প্রসার, খেলাধুলা এবং সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি ২০২৮ সালে শিক্ষাক্রমের যেসব জায়গায় পরিবর্তন প্রয়োজন হবে, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার আনা হবে।
ভর্তি নিয়ে বিড়ম্বনার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
চলমান ভর্তি বিড়ম্বনা প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আসন সংখ্যার তুলনায় ভর্তির যোগ্য প্রার্থী অনেক কম। ভর্তি নির্দেশিকা অনুযায়ী যারা প্রথম ধাপে আবেদন করেছিলেন, তাদের ভর্তি সম্পন্ন হওয়ার পরও অনেক আসন খালি রয়েছে। এ কারণেই ভর্তি কার্যক্রমে বিড়ম্বনা তৈরি হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সহজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছে।
পাঠ্যবইয়ে থাকছে নবাব ফয়জুন্নেছার ইতিহাস
কুমিল্লার নারীশিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীকে নিয়ে পাঠ্যবইয়ে লেখা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে কাজ চলছে।
দ্রব্যমূল্য নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, দ্রব্যমূল্যের সংকট একটি বৈশ্বিক বিষয়। তবে জনগণের ওপর যে চাপ তৈরি হচ্ছে, তা প্রশমনে সরকার কাজ করছে।
তিনি বলেন, সরকারি সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হবে। একই সঙ্গে জনগণের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের বিষয়ে মাহদী আমিন বলেন, কুমিল্লার স্বার্থে ইতিবাচকভাবে কাজ করার বিষয়ে তিনি আশাবাদী।
কুমিল্লায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
এর আগে সকাল ১১টার দিকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, মোবাশ্বর আলম ভূঁইয়া এমপি, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজসহ দেশের নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।






















