ভালুকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, মামলা প্রত্যাহারের দাবি
- আপডেট সময় : ০৪:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ১১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামের ধরনী বাঁশঝাড় এলাকায় সিডস্টোর-পালগাঁও সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দাবি, মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। আওলাতলী ২ নম্বর ওয়ার্ডের মাদকবিরোধী কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নারী-পুরুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মাদকবিরোধী প্রতিবাদের পর মামলা
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওলাতলী গ্রামের কয়েকজনের বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেন। একপর্যায়ে স্থানীয় যুবক পারভেজ ও তাঁর মা পারভীন আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে দাবি করেন তাঁরা।
বক্তারা জানান, ওই ঘটনার পর পারভীনের মেয়ে ঝুমা আক্তার স্থানীয় ১১ জনের বিরুদ্ধে আদালতে সিআর মামলা নম্বর ১০৩৮/২৬ দায়ের করেন। মামলায় নিরীহ গ্রামবাসীদের আসামি করা হয়েছে দাবি করে তাঁরা মামলাটিকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ বলে উল্লেখ করেন।
মামলা প্রত্যাহারের দাবি
মানববন্ধন থেকে অবিলম্বে ১১ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে আওলাতলী এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
তাঁরা বলেন, মাদকের বিস্তার ঠেকাতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানান তাঁরা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
যারা বক্তব্য দেন
মাদক নির্মূল কমিটির সভাপতি ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন, ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ পাঠান ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী শরাফত আলী, হাফিজ উদ্দিন ও কমুর উদ্দিন, আবুল হোসেন মাস্টার, দুলাল মাস্টার, যুবদল নেতা আরফান, জাহাঙ্গীর তালুকদার ও স্বপন তালুকদার, লোকমান ফকির, উজ্জ্বল সরকার, হাজী দুলাল ও হযরত আলী ফরাজীসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা মাদকের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদকে আমলে নিয়ে এলাকার পরিস্থিতি পর্যালোচনা এবং মামলার বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

























