রাশিয়ায় প্লেগ গবেষণাগারে তরুণীর মৃত্যু, কোয়ারেন্টিনে দুই শতাধিক
- আপডেট সময় : ০১:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
রাশিয়ার সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে ২৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। দারিয়া শিপিলোভা নামের ওই নারী শেলেখভ শহরের একটি অ্যান্টি-প্লেগ গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার মৃত্যুর পর সংস্পর্শে আসা দুই শতাধিক মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। একই সঙ্গে কয়েকটি হাসপাতাল বন্ধ ঘোষণা এবং জনসমাগম ও সামাজিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
গবেষণাগারে কাজের সময় সংক্রমণের আশঙ্কা
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গবেষণাগারে নমুনা সংগ্রহের সময় দুর্ঘটনাবশত শিপিলোভার হাত থেকে তাজা ব্যাকটেরিয়াযুক্ত একটি টেস্টটিউব ভেঙে যায়। পরে চিকিৎসকদের কাছে তিনি এ তথ্য জানিয়েছিলেন বলে জানা গেছে।
গত ২৯ সেপ্টেম্বর তীব্র নিউমোনিয়ার উপসর্গ নিয়ে তাকে শেলেখভের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। শেষ পর্যন্ত ১ অক্টোবর তার মৃত্যু হয়।
কোয়ারেন্টিনে দুই শতাধিক মানুষ
শিপিলোভার সংস্পর্শে আসা দুই শতাধিক মানুষকে বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইরকুতস্ক অঞ্চলে বিভিন্ন ধরনের জনসমাগম ও সামাজিক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
ইরকুতস্কের গভর্নর ইগর কোবজেভ ঘটনাটিকে ‘অত্যন্ত বিপজ্জনক সংক্রমণ’ হিসেবে উল্লেখ করেছেন। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
২ অক্টোবর টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গভর্নর জানান, শিপিলোভার সংস্পর্শে আসা ব্যক্তিদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের কারও মধ্যে রোগের উপসর্গ দেখা যায়নি এবং পরীক্ষার ফলও নেতিবাচক এসেছে।
পাশের অঞ্চলেও সতর্কতা
পার্শ্ববর্তী বুরিয়াতিয়া অঞ্চলের গভর্নর আলেক্সি সিদেনভও বিষয়টি নিয়ে সতর্কতা জানিয়েছেন। তিনি বলেন, ইরকুতস্ক অঞ্চলে এক নারী সম্ভবত প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে বুরিয়াতিয়ায় প্লেগের কোনো প্রাদুর্ভাব নেই বলেও নিশ্চিত করেন তিনি।
নিউমোনিক প্লেগ অত্যন্ত সংক্রামক রোগ। দ্রুত চিকিৎসা না হলে এ রোগ প্রাণঘাতী হতে পারে। তাই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মানুষদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তথ্য প্রকাশের আহ্বান যুক্তরাষ্ট্রের
রাশিয়ায় প্লেগের এই ঘটনার খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রও বিষয়টি পর্যবেক্ষণ করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে এখনো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে দ্রুত ও বিস্তারিত তথ্য প্রকাশের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।




















