রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় গ্রেপ্তার
ডিবি সূত্র জানায়, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাজ্জাদ হোসেন মিশু মোল্লার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
গ্রেপ্তার সাজ্জাদ হোসেন মিশু মোল্লা শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
হামলা ও লুটপাটের পর স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।
ঘটনার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়। হামলা ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে।
এরই মধ্যে গত ১ অক্টোবর জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এর আগে তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এর আগে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) প্রত্যাহার করা হয়েছিল।





















