সৌদিজুড়ে বজ্রঝড়-বৃষ্টি, রিয়াদে ধূলিঝড়ের সতর্কতা
- আপডেট সময় : ০১:৫০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড় ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদের কয়েকটি এলাকায় ধূলিঝড়, শক্তিশালী বাতাস ও দৃশ্যমানতা কমে যাওয়ার সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
শুক্রবার (২ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। এনসিএম জানিয়েছে, রিয়াদ অঞ্চলের কয়েকটি গভর্নরেটে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধূলিবাহী বাতাস বয়ে যেতে পারে। এ সময়ে বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিভিন্ন অঞ্চলে বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবের জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি মদিনা, তাবুক, আল-জউফ, হাইল ও নর্দার্ন বর্ডারস অঞ্চলের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এনসিএম জানিয়েছে, বজ্রসহ বৃষ্টির কারণে জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনার কিছু এলাকায় আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও দমকা বাতাসের আশঙ্কা রয়েছে। এছাড়া আল-জউফ, হাইল, নর্দার্ন বর্ডারস, কাসিমের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের কিছু এলাকায় তীব্র বাতাসসহ বজ্রঝড় হতে পারে।
উত্তরাঞ্চলেও বৃষ্টিপাত
ইতোমধ্যে সৌদি আরবের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আল-জউফ অঞ্চলের সাকাকা শহর ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। এর আগে বুধবার রাতে আল-কুরিয়াত গভর্নরেটে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
নর্দার্ন বর্ডারস অঞ্চলের তুরাইফ গভর্নরেটেও সাম্প্রতিক বৃষ্টিতে উপত্যকা ও খাতগুলোতে পানির প্রবাহ দেখা গেছে। এতে স্থানীয় গাছপালা সতেজ হয়ে উঠেছে বলে জানিয়েছে এসপিএ।
অক্টোবরে বাড়তে পারে বৃষ্টিপাত
এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর মাসে সৌদি আরবের বিভিন্ন এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। সেপ্টেম্বর থেকে নভেম্বরের জলবায়ু পূর্বাভাসে শরৎকালে দেশটির অধিকাংশ এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
বিশেষ করে অক্টোবরে জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, তাবুক, আল-জউফ, হাইল, কাসিম ও নর্দার্ন বর্ডারসসহ রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও নাজরানের কিছু এলাকায় বেশি বৃষ্টিপাত হতে পারে।
এনসিএম জানিয়েছে, পূর্বাভাস দেওয়া এলাকাগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ৪০ থেকে ৭০ শতাংশ। কিছু অঞ্চলে বৃষ্টি ভারী থেকে অতি ভারী পর্যায়েও পৌঁছাতে পারে। নভেম্বরেও কয়েকটি অঞ্চলে এই বৃষ্টির ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।




















