ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল
- আপডেট সময় : ১২:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন টানিয়ে সাজানো হয়। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে মহাসড়কের পাশে অবস্থান নেন নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন অংশে ঢোল-বাদ্য বাজিয়ে আনন্দ-মিছিল করেন দলীয় নেতাকর্মীরা। সকাল ৯টার পর থেকেই প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং তাকে অভ্যর্থনা জানাতে মহাসড়কের উত্তর পাশে স্থানীয়দের ভিড় বাড়তে থাকে।
সকাল থেকেই মহাসড়কে নেতাকর্মীদের অবস্থান
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে সড়কপথে ফেনীর উদ্দেশে ঢাকার গুলশান থেকে রওনা হন। তার ফেনী সফর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।
এ সময় মহাসড়কজুড়ে ঢোল-বাদ্য, আনন্দ-মিছিল ও দলীয় স্লোগানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে স্বাগত জানানোর প্রস্তুতি নেন।
দাউদকান্দিতে নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা
মহাসড়কের দাউদকান্দি অংশে কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন।
অন্যদিকে, চান্দিনা অংশে স্থানীয় সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওনের নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কের পাশে জড়ো হন। সেখানে দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা
প্রধানমন্ত্রীর ফেনী সফরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে। নির্ধারিত অনুষ্ঠানমালা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়।

















