দেশের স্থিতিশীলতা নষ্টের সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
- আপডেট সময় : ১২:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং প্রয়োজন হলে আইনসম্মত যেকোনো পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
চিফ হুইপ বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। কিছু দুষ্কৃতকারী দেশের বাইরে অবস্থান করে সুযোগ পেলেই বাংলাদেশে প্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করা এবং সরকারকে দুর্বল দেখানো।
তিনি আরও বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করছেন, তাদের এসব থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো সুযোগ দেওয়া হবে না।
নুরুল ইসলাম মনি বলেন, সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। দেশের আইনশৃঙ্খলা, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, কিছু মানুষ ধর্মের বিষয় ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ছোটখাটো বিষয়কে বড় করে তুলে ধরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
চিফ হুইপ আরও বলেন, সরকার সংবিধান সংশোধনের কাজ করছে। এর মাধ্যমে আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থার বিষয়টি পুনঃস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি দেশের সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।





















