ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১
- আপডেট সময় : ০৪:৩২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জুয়েল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলোক্ষ্মা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুর গ্রামের আজগর আলী সরকার বাড়ি ও সফু সরকার বাড়ির লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৩০ জুন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সফু সরকার পক্ষের লোকজন এলাকা ছেড়ে চলে যায় বলে স্থানীয়রা জানান।
এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে সফু সরকারের নাতি মোক্তার হোসেনের নেতৃত্বে নরসিংদী থেকে লোকজন এনে প্রতিপক্ষের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুলিতে নিহত জুয়েল
সংঘর্ষের সময় উভয় পক্ষের কয়েকজন গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
অস্ত্র ও ককটেল উদ্ধার
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি ককটেল ও একটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জের ধরে ভোরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





















