চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
- আপডেট সময় : ০৪:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ইজিবাইক চালকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর ও বাস আটকে রাখার প্রতিবাদে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পাঁচ রুটে বাস চলাচল বন্ধ
চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়ন ও বাসচালকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। সকাল থেকে জেলার পাঁচটি রুটে লোকাল বাস চলাচল বন্ধ থাকায় সড়কে অপেক্ষায় থাকতে দেখা গেছে অনেক যাত্রীকে।
বিশেষ করে দূরপাল্লার ও নিয়মিত বাসে যাতায়াতকারী যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন। বাস না চলায় অনেকে বিকল্প হিসেবে ইজিবাইক ও অন্যান্য যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
ফকিরপাড়ায় বিরোধের পর ধর্মঘট
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার দামুড়হুদার ফকিরপাড়ায় থ্রি-হুইলার ইজিবাইক ও পাখিভ্যান চালকদের সঙ্গে লোকাল বাস শ্রমিকদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বাস শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন শ্রমিকরা।
এ ঘটনার পর বাস শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে লোকাল বাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাড়তি সময় ও খরচের শঙ্কা যাত্রীদের
সড়কে বাসের অপেক্ষায় থাকা যাত্রী শফিকুর রহমান বলেন, বাস চলাচল বন্ধ থাকায় তাকে ব্যাটারিচালিত ইজিবাইকে করে গন্তব্যে যেতে হবে। এতে সময় ও খরচ দুটোই বেশি হবে বলে জানান তিনি।
তিনি বলেন, এভাবে বাস চলাচল বন্ধ থাকলে সাধারণ যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়।
আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পরিবহন শ্রমিকদের ওপর হামলা এবং মহাসড়কে গাড়ি আটকে রাখার প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন।
তিনি বলেন, মহাসড়কে ইজিবাইকের এমন চলাচল ও নিয়ন্ত্রণহীনতা মেনে নেওয়া যাবে না। বাস মালিক ঐক্য পরিষদের আলোচনা সভায় ধর্মঘটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।





















