আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজে কমছে ক্রিকেটারদের বেতন
- আপডেট সময় : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
গভীর আর্থিক সংকটে পড়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। আর্থিক স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটারদের রিটেইনার ফি বা বেতন ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। একই সঙ্গে নারীদের দুটি ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।
সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী ক্রিস ডিয়ারিং এক বিবৃতিতে জানিয়েছেন, আর্থিক সংকট মোকাবিলায় বোর্ডকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর অংশ হিসেবে জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ কমানো হবে।
ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির মেয়াদ কমছে
শুধু জাতীয় দলের ক্রিকেটারদের বেতন কমানো নয়, ঘরোয়া ক্রিকেটেও পরিবর্তন আনা হয়েছে। ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির মেয়াদ ১২ মাস থেকে কমিয়ে সাত মাস করা হয়েছে।
সিডব্লিউআই জানিয়েছে, পরিচালন ব্যয়ের ক্রমবর্ধমান চাপ সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৫ বছরে শুধু ঘরোয়া ক্রিকেটের বিমান ভ্রমণের পেছনেই ৮ কোটি মার্কিন ডলারের বেশি খরচ করেছে বোর্ড।
নারীদের দুটি টুর্নামেন্ট স্থগিত
আর্থিক সংকটের কারণে নারীদের প্রধান ঘরোয়া প্রতিযোগিতা টি-টোয়েন্টি ব্লেজ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আগামী বছরের উইমেনস সুপার-৫০ প্রতিযোগিতাও আয়োজন করা হবে না।
তবে নারী ক্রিকেটারদের খেলার সুযোগ ধরে রাখতে বিকল্প উদ্যোগ নেওয়া হবে। স্থগিত প্রতিযোগিতার পরিবর্তে আগামী বছর নারীদের জন্য ‘বেস্ট ভার্সেস বেস্ট’ নামে একটি ডেভেলপমেন্ট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অলিম্পিক বাছাইয়ে নতুন উদ্যোগ
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্বকে সামনে রেখে আলাদা কোয়ালিফাইং টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করেছে সিডব্লিউআই। তবে এসব টুর্নামেন্টের ব্যয় বোর্ড বহন করবে না।
ক্যারিবীয় অঞ্চলের সংশ্লিষ্ট দেশগুলোর ক্রিকেট ও অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং স্থানীয় পৃষ্ঠপোষকদের এই ব্যয় বহন করতে হবে।
সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহীর ভাষ্য, ঘরোয়া দলগুলোর যাতায়াত, হোটেল ও ম্যাচ ফির পুরো ব্যয় এককভাবে বহন করা এখন বোর্ডের পক্ষে সম্ভব হচ্ছে না।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড় কল্যাণ সমিতি ও ক্রিকেটাররা সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বোর্ডের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন।
























