স্বাস্থ্যখাতের উন্নয়নে যথাযথ পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির
- আপডেট সময় : ০৬:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
স্বাস্থ্যখাতের উন্নয়নে নতুন চিকিৎসক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে যথাযথ পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এসব তথ্য জানান।
স্বাস্থ্যখাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হতে পারেনি। কতজন চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট প্রয়োজন এবং কী ধরনের অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জাম লাগবে, সে বিষয়ে অতীতে সঠিক ও সার্বিক পরিকল্পনার ঘাটতি ছিল।
তিনি বলেন, বর্তমান সরকার জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে এ যাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতে কার্যকর ও টেকসই ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
নতুন চিকিৎসক নিয়োগ, হাসপাতালের অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রেও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
পদায়নে যোগ্যতার গুরুত্ব
চিকিৎসকদের পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বিগত দিনের তদবির সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিদের উপযুক্ত পদে দায়িত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মির্জা ফখরুল।
একই সঙ্গে চিকিৎসকদের গবেষণায় আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্যব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। এসব প্রতিষ্ঠানকে যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের আওতায় আনতে হবে।
চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
সাক্ষাৎকালে ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনায় চিকিৎসকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এসব ঘটনা বন্ধে সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি সব অংশীজনকে সঙ্গে নিয়ে স্বাস্থ্যখাতের বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























