এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত
- আপডেট সময় : ০৫:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করেছেন নারী উশু অ্যাথলেট জিন্নাত আক্তার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারীদের ৫২ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা থারিসা নির্ধারিত ওজনের চেয়ে বেশি হওয়ায় ডিসকোয়ালিফাইড হন। ফলে কোনো ম্যাচ না খেলেই ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে উঠেছেন জিন্নাত।
সেমিফাইনালে উঠেই নিশ্চিত ব্রোঞ্জ
নারীদের ৫২ কেজি ওজন শ্রেণিতে মোট ১৫ জন প্রতিযোগী নকআউট পদ্ধতিতে অংশ নিচ্ছেন। প্রথম রাউন্ডে বাই পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট জিন্নাত।
কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা থারিসা। তবে ম্যাচের দিন ওজন নেওয়ার সময় নির্ধারিত সীমার চেয়ে বেশি ওজন হওয়ায় তাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করেন বিচারকরা। এতে লড়াই ছাড়াই সেমিফাইনালে চলে যান জিন্নাত।
উশুর নিয়ম অনুযায়ী, কোনো ওজন শ্রেণিতে ছয়জনের বেশি প্রতিযোগী থাকলে সেমিফাইনালে পরাজিত দুই অ্যাথলেট ব্রোঞ্জ পদক পান। তাই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয় জিন্নাতের।
৪০ বছর পর ব্যক্তিগত ইভেন্টে পদক
জিন্নাতের এই সাফল্যে এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টের পদকখরা কাটল। সর্বশেষ ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ হোসেন লাইট হেভিওয়েট (৮১ কেজি) বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
এরপর কাবাডি ও ক্রিকেটে বাংলাদেশ দলীয়ভাবে পদক পেলেও ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। দীর্ঘ ৪০ বছর পর সেই অপেক্ষার অবসান ঘটালেন জিন্নাত।
জাতীয় পর্যায়ে টানা সাত সোনা
নেত্রকোনার মেয়ে জিন্নাত ২০১৯ সাল থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপে টানা সাতটি সোনা জিতে অপরাজিত রয়েছেন। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক আসরেই এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে পদক নিশ্চিত করেছেন তিনি।
ওয়াকওভারে পদক নিশ্চিত হওয়ার পর জিন্নাত বলেন, তিনি লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন। ম্যাচটি না হলেও পদক নিশ্চিত হওয়ায় নিজের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছেন না বলেও জানান তিনি।
লক্ষ্য এবার ফাইনাল
তবে ব্রোঞ্জ পদকেই থামতে চান না জিন্নাত। আগামীকাল সেমিফাইনালে চীনের শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবেন তিনি।
সেই লড়াইয়ে জয় পেলে ফাইনালে উঠবেন জিন্নাত। তখন বাংলাদেশের এই তরুণ উশুকার সামনে রূপা কিংবা সোনা জয়ের সুযোগ তৈরি হবে।























