বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জে দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মামলাটি মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে সাংবাদিক সমাজ ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মামলা প্রত্যাহারের দাবি
প্রায় এক ঘণ্টার মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী দীর্ঘদিন ধরে বকশীগঞ্জে সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিভিন্ন অনিয়মের বিষয়ে সংবাদ পরিবেশন করে আসছেন।
বক্তারা অভিযোগ করেন, আবুল কাশেম কাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক হিলারীকে হয়রানি করার জন্য মামলাটি দায়ের করেছেন। তারা দ্রুত মামলাটি প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে হয়রানিমূলক মামলা দায়েরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জমি নিয়ে বিরোধের অভিযোগ
সাংবাদিকদের বক্তব্য অনুযায়ী, একটি দাগের সম্পত্তি বি আর এস রেকর্ডে নুরুন্নাহার ওরফে কাপাশি বিবির নামে চূড়ান্ত রেকর্ডভুক্ত ছিল। ১৯৯০ সালের দিকে বকশীগঞ্জ থানায় চলাচলের জন্য ওই এলাকায় একটি রাস্তা নির্মাণ করা হয়।
পরে ১৯৯৩ সালে সাংবাদিক হিলারীর দাদা শ্বশুর হেকমত আলী, শ্বশুর লিয়াকত আলী ও ফুফু শাশুড়িসহ তিনজন ৩৩ শতাংশ জমি ক্রয় করেন। সেখানে বাড়িঘর নির্মাণ করে তারা দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিলেন। এরই মধ্যে হিলারীর দাদা শ্বশুর ও শ্বশুর মারা যান।
সাংবাদিকদের অভিযোগ, পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা নির্মিত হলেও খতিয়ানের হোল্ডিং থেকে রাস্তার জন্য জমি কর্তন করা হয়নি। পরে আবুল কাশেম কাশি ওই রাস্তার জমি খারিজ করে নেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় সাংবাদিক হিলারীর সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাকে প্রথম আসামি করে সিআর মামলা করা হয়েছে বলে মানববন্ধনে দাবি করা হয়।
সাংবাদিকদের অংশগ্রহণ
মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি শাহীন আল আমিন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আশরাফুল হায়দার, কালের কণ্ঠের প্রতিনিধি আব্দুল লতিফ লায়ন, সমকালের প্রতিনিধি মাসুদ উল-হাসান, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এমদাদুল হক লালন, আরটিভির প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু, আজকের পত্রিকার প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি, প্রতিদিনের কাগজের প্রতিনিধি মনিরুজ্জামান লিমন এবং দৈনিক আজকের বসুন্ধরার প্রতিনিধি ইমরান আকন্দ।
এ সময় বকশীগঞ্জে কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






















