এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
- আপডেট সময় : ১১:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান সাংবাদিকদের এ তথ্য জানান।
ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার
সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই সময় এমপি গাজী নজরুল ইসলাম ফ্ল্যাটে ছিলেন।
উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, সন্ধ্যা ৭টার পর পুলিশ খবর পায়, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের দোতলার ২০৩ নম্বর কক্ষে একজনের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে যান।
পরে পুলিশ জানতে পারে, ফ্ল্যাটটি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের। সেখানে গিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উদ্ধার করা মরদেহটি এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের বলে পুলিশ জানিয়েছে।
এমপি ও প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ
উপকমিশনার জানান, ঘটনার বিষয়ে এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এমপিকে হেফাজতে নেওয়া হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য সেটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়ার বিষয়ে জানতে চাইলে উপকমিশনার বলেন, পুলিশ ঘটনাস্থলে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পেয়েছে। মৃত্যুর অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে জানা যাবে।
দল থেকে বহিষ্কার করা হয়েছিল গাজী নজরুলকে
এর আগে গত ২২ জুলাই ‘নৈতিক অসদাচরণের’ অভিযোগের কথা জানিয়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মরিয়মের মৃত্যুর ঘটনায় পুলিশ আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।





















