ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
- আপডেট সময় : ০৩:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. রাশেদ কবির আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাছিহাতা গ্রুপের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সহধর্মিণী সৈয়দা মাহফুজা আক্তার। প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদা জাহান।
সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা মাহফুজা আক্তার বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানকে শুধু পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ঘরে সন্তানদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা কোথায় যায় এবং কার সঙ্গে মেশে, সেদিকেও অভিভাবকদের নজর রাখতে হবে। পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চায় সন্তানদের উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
সময়ের সঠিক ব্যবহারে গুরুত্ব
প্রধান বক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদা জাহান বলেন, একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মায়েদের সচেতনতা ও সন্তানদের নিয়মিত খোঁজখবর তাদের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখে।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করার আহ্বান জানান। পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার ও শৃঙ্খলাবোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
কৃতি শিক্ষার্থীদের সম্মাননা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দেওয়া হয়। একই সঙ্গে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল। অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের সাত শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।























