ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
- আপডেট সময় : ০১:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ফ্যাসিবাদ যেন দেশে আবারও পুনর্বাসিত হতে না পারে এবং ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্ট মানসিকতায় গড়ে উঠতে না পারে, সে জন্য একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইনমন্ত্রী বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, অন্যায় ও হত্যাকাণ্ডের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি বলেন, যারা অন্যায় দেখেও চোখ বন্ধ করে থাকেন, তাদের বাস্তবতা উপলব্ধি করতে হবে। স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে যা বললেন আইনমন্ত্রী
২০২৪ সালের জুলাই আন্দোলনের কথা উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, ওই সময় অনেক মানুষ নিহত ও আহত হয়েছেন। অনেকে হাত-পা হারিয়েছেন, আবার অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, এত ঘটনার পরও সমাজের কিছু মানুষ বিষয়গুলো দেখতে পাচ্ছেন না বা এড়িয়ে যাচ্ছেন। অন্যায় ও মানুষের অধিকার রক্ষার বিষয়ে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
যারা ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, সত্যকে উপলব্ধি করতে হবে। নাগরিক হিসেবে অন্যায় তুলে ধরা নৈতিক ও সাংবিধানিক দায়িত্বের অংশ।
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার
অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর কার্যক্রমের প্রশংসা করেন আইনমন্ত্রী।
তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশ এবং স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তৃতীয় লিঙ্গের মানুষও সমাজের অংশ, তাদেরও সমান অধিকার রয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব কার্যক্রম আরও বিস্তৃত করার পরামর্শ দেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান
মো. আসাদুজ্জামান বলেন, জন্মভূমির প্রতি প্রত্যেক মানুষের দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সুন্দর ও বাসযোগ্য দেশে পরিণত হবে।
তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে ভুল হতে পারে। তবে ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে।
আইনমন্ত্রী বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার নিশ্চিত থাকবে। একই সঙ্গে ফ্যাসিবাদ প্রতিরোধের পাশাপাশি নিজেদের মধ্যেও যেন স্বৈরাচারী মানসিকতা তৈরি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়েজ আহমেদ, ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম নুরউদ্দিন খানসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





















