ডিসি ইকো পার্কে খেলার মাঠের দাবিতে বিক্ষোভ
- আপডেট সময় : ১২:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর ডিসি ইকো পার্ক এলাকায় খেলার মাঠ স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের কোর্ট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, শিবনগর এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয়রা খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। ২০১৪ সালে এলাকাটি ‘ডিসি ইকো পার্ক’ ঘোষণার পর জনসাধারণের প্রবেশাধিকার সীমিত হওয়ায় শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলার সুযোগ কমে গেছে।
এলাকাবাসীর দাবি, পার্কের পরিবেশ ও সৌন্দর্য অক্ষুণ্ন রেখে দক্ষিণ-পশ্চিম অংশের ফাঁকা জায়গায় একটি খেলার মাঠ স্থাপন করা হোক। এতে স্থানীয় শিশু-কিশোর ও যুবসমাজ নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।




















