মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলাম (৬০) নামে এক অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ এলাকায় সড়কের পাশের একটি ফসলের খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জহুরুল ইসলাম গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার বাসিন্দা ও পেশায় অটোচালক ছিলেন। গত সোমবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। রাতে আমলীতলা ব্রিজের পাশে তার অটোরিকশা পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় তার ছেলে থানায় নিখোঁজের অভিযোগ করেন।
বৃহস্পতিবার স্থানীয় এক কৃষক মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি জহুরুলের বলে শনাক্ত করেন।
মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় জানান, এটি হত্যাকাণ্ড কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হবে।
























