ইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস
- আপডেট সময় : ০৪:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে নিজেই বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন, তার ইসলাম গ্রহণের খবর সত্য নয়।
মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর থেকেই কার্লোসের ধর্ম পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। পরে তুরস্কের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সমাজের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদের কাছে গিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী কার্লোস।
গুঞ্জন আরও জোরালো হয় তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর। তিনি ব্রাজিলের মুসলিম সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি উল্লেখ করেন।
তবে বুধবার (১৯ আগস্ট) সৌদি পত্রিকা ‘ওকাজ’-কে দেওয়া সাক্ষাৎকারে কার্লোস বলেন, তার ইসলাম গ্রহণের খবর সত্য নয়।
তিনি বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমার স্ত্রী নামাজ পড়েন, এটা দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার ইসলাম গ্রহণ নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে, তা সত্য নয়।’
বিয়ের অনুষ্ঠান নিয়ে কার্লোস জানান, তাদের বিয়েতে একাধিক ধরনের আয়োজন ছিল। পরিবারের সদস্যরা ক্যাথলিক ধর্মের অনুসারী হওয়ায় তাদের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি অনুষ্ঠান করা হয়। পাশাপাশি তার স্ত্রী ও মুসলিম বন্ধুদের জন্য আলাদা একটি অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল।
কার্লোসের এই বক্তব্যের মধ্য দিয়ে তার ইসলাম গ্রহণ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের অবসান হলো।


























